পশ্চিমবঙ্গ : তৃণমূল কংগ্রেস, আইএসএফ সংঘর্ষের রণক্ষেত্র ভেঙেছে, সামলাতে পারছে না পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা, ক্রাইম ইন্ডিয়া সংবাদদাতা : মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ভাঙড়। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। লাঠি বাঁশ ইট পরষ্পরকে আক্রমণের নানা হাতিয়ার নিয়ে বুধবার সকাল থেকেই পথে নেমে পড়েছেন দু-দলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছে পুলিশ। মনোনয়নের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি চলে। ভোর হতেই শুরু হয় বোমাবাজি। বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থীরা। তাঁদের দাবি, আইএসএফ বাধা দিলে যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য তৈরি হয়েই আসতে হয়েছে তাঁদের। এদিনও বিডিও অফিস চত্বরে কার্যত রণক্ষেত্র। দু-দলের কর্মী সমর্থকদের হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়। জখম হয়েছেন বেশ কয়েকজন। আক্রান্ত সংবাদমাধ্যমও। অভিযোগ, মারামারির ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। মারধর করা হয়। ভাঙড়ের গন্ডগোল ছড়ায় বাসন্তী হাইওয়েতেও। মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। আইএসেএফ নেতৃত্বের অভিযোগ, মনোনয়ন জমা শুরু হতেই ভাঙড়ে অশান্তির সৃষ্টি করছে তৃণমূল। মানুষের মনে আইএসএফ সম্পর্কে আস্থায় সিঁদূরে মেঘ দেখছে তারা। তাই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল। আরাবুল ইসলামের নেতৃত্বে গোটা ভাঙড়ে সন্ত্রাস করা হচ্ছে বলেও দাবি করেন তারা। তৃণমূল নেতা আরাবুল ইসলামের পাল্টা অভিযোগ, জমি আলগা হয়ে গেছে বুঝতে পেরে সন্ত্রাস সৃষ্টি করছে আইএসএফ। তাঁদের কর্মীদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে। সন্ত্রাস সৃষ্টি করতে বোমাগুলি নিয়ে যথেচ্ছ সন্ত্রাস চালানো হচ্ছে। মনোনয়ন ঘিরে বুধবারও অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙড়ে। ১৪৪ ধারা অগ্রাহ্য করেই বাঁশ-লাঠি নিয়ে চলছে তাণ্ডব। এদিনও সংঘর্ষ চলাকালীন একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। বাদ যায়নি পুলিশের গাড়িও। জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও।

Edited By : Raees Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Live Cricket Update

You May Like This